Sylhet Today 24 PRINT

৬৮ দিন পর স্ত্রীর সঙ্গে সাক্ষাত : দেশে ফিরতে চান সালাহ উদ্দিন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০১৫

ভারতের মেঘালয়ের শিলং সিভিল হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। ৬৮ দিন পর সোমবার ভারতীয় সময় রাত ৮টার দিকে হাসিনা আহমেদ পুলিশের অনুমতি নিয়ে হাসপাতালে তার স্বামীর সঙ্গে দেখা করেন।

সোমবার দুপুরে কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে হাসিনা আহমেদ আসামের গৌহাটি রওয়ানা দেন। এরপর হাসিনা আহমেদ ও তার বোন জামাই মাহবুব কবির গৌহাটি নেমে ট্যাক্সি চেপে ১০০ কিলোমিটার দূরে শিলং পৌঁছান ভারতীয় সময় সন্ধ্যা ৭টার দিকে। এরপর তিনি ইস্ট খাসি হিল জেলার পুলিশ সুপার এম খারক্রাংয়ের কার্যালয়ে গিয়ে সালাহ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি নেন।

এর আগে, রবিবার সন্ধ্যায় ভারতের ভিসা পাওয়ার পর রাতেই কলকাতা রওয়ানা হন হাসিনা আহমেদ।

এদিকে সোমবার সকালে শিলং সিভিল হাসপাতালের ডায়াগনস্টিক বিভাগে সিটি স্ক্যান করতে যাওয়ার পথে উপস্হিত সাংবাদিকদের সালাহ উদ্দিন আহমেদ বলেন, তাকে চোখ বেঁধে ১২ ঘণ্টা ড্রাইভ করে শিলংয়ে ফেলে রেখে যাওয়া হয়।

তিনি বলেন, ‘আমি এখানে থাকতে চাই না। আমি দাগী আসামি নই, আমি দেশে ফিরতে চাই।’

দুই মাস ধরে নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে খোঁজ মেলে বিএনপির এই নেতার।

তার নিখোঁজ হবার পেছনে র‌্যাবকে শুরু থেকেই দায়ী করছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.