নিজস্ব প্রতিবেদক | ১৯ মে, ২০১৫
আলোচিত-সমালোচিত সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস নিজেকে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করে ইতিহাসের পাতায় একই তালিকায় স্থান করে নেওয়ার দাবি করেছেন। তাঁর এমন দাবি সম্বলিত একটি অডিও ক্লিপ সোশ্যাল সাইট ফেসবুকে ব্যাপক আলোচনার বিষয়বস্তু হয়েছে।
গত ৯ মে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে হাজী সাজ্জাদ আলী কল্যাণ ট্রাস্টের মেধা বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস তাঁর বক্তৃতার এক পর্যায়ে এ দাবি করেন। একই অনুষ্ঠানে তিনি বরেণ্য শিক্ষাবিদ ও বুদ্ধিজীবি ড. মুহম্মদ জাফর ইকবালকে 'সিলেটবিদ্বেষি' আখ্যা দিয়ে তাঁকে চাবুক মারার ইচ্ছাপোষণ করে বলেন- তাঁর ক্ষমতা থাকলে তিনি জাফর ইকবালকে কোর্ট পয়েন্টে নিয়ে এসে চাবুক মারতেন।
অনুষ্ঠানে উপস্থিত পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজনের মাধ্যমে পাওয়া এ অডিও ক্লিপ সিলেটটুডে২৪ডটকমের কাছে এসে পৌঁছেছে যেখানে তিনি নিজেকে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করেন এবং উপস্থিতদের করতালি কুড়াতে সক্ষম হন।
অডিও ক্লিপে সাংসদ কয়েসকে বলতে শোনা যায়:
মহান জাতীয় সংসদ, এই মহান জাতীয় সংসদে বাংলাদেশের ৫/৭জন সংসদ সদস্য ... যুদ্ধাপরাধীদের বিচারের সিদ্ধান্ত প্রস্তাব এনে আমি ইতিহাসের পাতায় গিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ভাষণ দিয়েছিলেন সাতই মার্চ। আর এই যুদ্ধাপরাধের বিল সংসদে এনে আমি সেই তালিকায় সেই পাতায় আমি গিয়েছি।
উল্লেখ্য, মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস সিলেট-৩ আসন থেকে আওয়ামিলীগের সমর্থনে নির্বাচিত সংসদ সদস্য। তাঁর পিতার নাম দেলোয়ার হোসেন চৌধুরী (শিরু মিয়া)। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যসূত্রে অভিযোগ তাঁর পিতা একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে স্থানীয় শান্তি কমিটির সদস্য ছিলেন।