Sylhet Today 24 PRINT

সেই নৌ প্রকৌশলী দুই দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৭

ঘুষগ্রহণের সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হাতেনাতে আটক নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার একেএম ফখরুল ইসলামকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (১৯ জুলাই) ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে দুদকের পক্ষ থেকে এই আসামিকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষে জাহাঙ্গীর আলম আদালতকে বলেন, এই আসামি নকশা অনুমোদন করিয়ে দেওয়ার জন্য ঘুষ নিয়েছেন, যা দুদকের ফাঁদ পাতা টিম হাতেনাতে গ্রেপ্তার করে। ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি এ অনৈতিক কর্মকাণ্ড করেছেন। তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়া গেছে। কেন তিনি এ অনৈতিক কর্মকাণ্ড করতেন এবং তার অফিসে আর কে কে জড়িত, তা খুঁজে বের করতে এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

আসামি পক্ষের আইনজীবী কবির হোসাইন ঘুষের অভিযোগকে অস্বীকার করে বলেন, আসামি কোনো ঘুষ গ্রহণ করেননি। তিনি যখন অফিসে খাবার খাচ্ছিলেন তখন অন্য কেউ ওই টাকা রেখে গেছেন। এটা ওই অফিস কক্ষের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। তিনি আরও বলেন, অফিসে পক্ষ-বিপক্ষে লোক থাকে। বাস্তবে তার কাছ থেকে কোনো টাকাই উদ্ধার হয়নি। আসামির পকেট থেকে কিংবা আসামির ড্রয়ার থেকে কোনো টাকা উদ্ধার হয়নি। তিনি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.