Sylhet Today 24 PRINT

এস কে সিনহা প্রধান বিচারপতি হতে পারেন

তথ্য সূত্র : সমকাল

নিউজ ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৫

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আপীল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। এর মাধ্যমে তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি।



বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিচারপতি এস কে সিনহা বর্তমানে জুডিসিয়াল সার্ভিস কমিশনেরও চেয়ারম্যান। 



আগামী ১৪ জানুুয়ারি অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। তিনি ২০১১ সালে ১৮ মে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের স্থলাভিষিক্ত হয়েছিলেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে বর্তমানে ৮ জন বিচারপতি রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.