Sylhet Today 24 PRINT

সিদ্দিকুরকে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০১৭

আহত সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমান

পুলিশের টিয়ার শেলের আঘাতে অন্ধ হতে যাওয়া সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমানকে হাসপাতালে দেখে গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (২৩ জুলাই) আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এই শিক্ষার্থীকে দেখতে যান শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী সিদ্দিকুরের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তার খোঁজখবর নেন। তার মা ও ভাইয়ের সঙ্গেও কথা বলেন।

শিক্ষামন্ত্রী সিদ্দিকুরের চিকিৎসা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ডাক্তাররা মন্ত্রীকে জানান, সিদ্দিকুরের চিকিৎসার ব্যাপারে কর্তৃপক্ষ ‘সর্বোচ্চ যত্নবান’ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার শাহবাগে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে তাদের বাধা দেয় পুলিশ।

একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। সে সময় কাঁদানে গ্যাসের শেল লেগে আহত হন সিদ্দিকুর।

শনিবার সকালে সিদ্দিকের চোখে অস্ত্রোপচার হয়। তার দুই চোখে আর আলো ফিরবে না বলে চিকিৎসকরা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.