Sylhet Today 24 PRINT

সংযুক্ত শরীরের তোফা-তহুরা আলাদা হল

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৭

সংযুক্ত শরীর নিয়ে জন্ম নেওয়া গাইবান্ধার সুন্দরগঞ্জের শিশু তোফা ও তহুরাকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে অস্ত্রোপাচার শেষে এ কথা জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক কাজল। তবে অস্ত্রোপচারের পুরো কাজ এখনও শেষ হয়নি বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পৃথক করার প্রক্রিয়া শুরু করেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছিলেন, অস্ত্রোপচারে ছয় ঘণ্টার মতো সময় লাগতে পারে। সকাল ৯টার দিকে দুই শিশুকে অজ্ঞান করা হয়। ১০টার আগেই তাদের অস্ত্রোপচার শুরু হয়।

জন্মের পর থেকে ১০ মাস তোফা ও তহুরা একসঙ্গে বড় হয়েছে। পিঠের কাছ থেকে কোমরের নিচ পর্যন্ত তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত ছিল। দুজনের পায়খানার রাস্তা ছিল একটি। তবে মাথা-হাত-পা ছিল আলাদা।

তোফা-তহুরা যেভাবে জোড়া লাগানো ছিল, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পাইগোপেগাস’। শিশু দুটোর অস্ত্রোপচারে বিভিন্ন বিভাগের ১৬ জন সার্জন যুক্ত ছিলেন।

শিশু সার্জারি বিভাগের চিকিৎসকেরা জানান, বাংলাদেশের ইতিহাসে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটি প্রথম। এর আগে অন্যান্য হাসপাতালে তিন জোড়া শিশুকে অস্ত্রোপচার করে আলাদা করা হয়েছে, তাদের ধরন ছিল আলাদা।

তোফা-তহুরার মায়ের নাম শাহিদা ও বাবার নাম রাজু মিয়া। তারা গাইবান্ধায় থাকেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.