নিউজ ডেস্ক | ২১ মে, ২০১৫
এবার ভূমিকম্পের সময় স্বয়ংক্রিয়ভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সম্পর্কে ব্যবস্থা নিতে সুপারিশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
একই সঙ্গে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবনের হালনাগাদ তালিকা তৈরিরও সুপারিশ করেছে তারা। বুধবার (২০ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠক শেষ কমিটির সদস্য তালুকদার আবদুল খালেক বলেন, ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এর থেকে বহু প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ জন্য একটি নির্দিষ্ট মাত্রার ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে এ ধরনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সাতক্ষীরা জেলায় আইলা-সিডরে ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা এখনও ক্ষতিপূরণ পায়নি তাদের নতুন তালিকা তৈরির সুপারিশ করেছে কমিটি।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তালুকদার আবদুল খালেক, বিএম মোজাম্মেল হক, মমতাজ বেগম ও আবদুর রহমান বদি অংশ নেন।