সিলেটটুডে ডেস্ক | ২১ মে, ২০১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ ১০ বিশিষ্ট ব্যক্তিকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম-১৩।
আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩ এর নামে পাঠানো ওই চিঠিতে ১০ জনের নামের একটি তালিকা রয়েছে, যার সবার উপরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নাম রয়েছে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, অধ্যাপক জাফর ইকবাল, কাবেরী গায়েন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার ও তারানা হালিমের নামও রয়েছে সেখানে। ডাকযোগে পাঠানো ওই চিঠি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পেয়েছেন বলে জানান উপাচার্য আরেফিন সিদ্দিক। আনসারুল্লাহ বাংলাটিম-১৩ গ্রুপের পাঠানো চিঠিতে লেখা রয়েছে ‘মাস্ট উইল প্রিপেয়ার ফর ডেড’।
তালিকায় এক নম্বরে উপদেষ্টা এইচটি ইমামের নামের পাশে লেখা রয়েছে ‘এন্টি ইসলাম.এডভাইজার’। দুই নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিকের নামের পাশে লেখা ‘আই. দুশমুন.ভিসি’।
এরপর পর্যায়ক্রমে রয়েছে তারানা হালিম (নাস্তিক), জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার (হিন্দু মৌলবাদ), ইমরান এইচ সরকার (ব্লগার), কাবেরী গায়েন (আই.এনিমি.ডিইউ), বিকাশ সাহা (ইসলামের দুশমন), ইকবালুর রহিম (আই. দুশমুন), পলান সুতার (এন্টিবাংলাদেশ.র.এডভাইজার) ও মুহম্মদ জাফর ইকবালের (সেক্যুলার) নাম।
এ বিষয়ে অসীম সরকার বলেন, আমি শঙ্কায় আছি। দুপুরের দিকে ডাকের মাধ্যমে একটি চিঠি আসে, সেখানে দশজনের একটি তালিকা করা হয়েছে। সেই তালিকায় আমার নাম চার নম্বরে দেওয়া হয়। আমাকে হিন্দু মৌলবাদী আখ্যায়িত করে লাল কালিতে চিহ্নিত করে হত্যার হুমকি দিয়েছে।
বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে কারা এ ধরনের কাজ করছে তা খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য। ইমরান এইচ সরকার বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।
এ ব্যাপারে ঢাবি প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, এঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডাযেরি (জিডি) করা হয়েছে। আমাদের পক্ষ থেকে খুব সতকর্তা অবলম্বন করা হবে।