সিলেটটুডে ডেস্ক | ০৮ আগস্ট, ২০১৭
ভারতের উত্তর প্রদেশের মোজাফফরনগর থেকে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আব্দুল্লাহ সেখানে গিয়েই জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ক্র্যাব আয়োজিত স্পোকেন ইংলিশ কর্মশালার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
মনিরুল ইসলাম বলেন, ‘ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে আটক আব্দুল্লাহ ৮ বছর পূর্বে ময়মনসিংহের তারাকান্দি গ্রামের বাড়ি থেকে ভারতে গিয়েছিলেন। সেখানকার একটি মাদ্রাসায় তিনি পড়াশোনা করতেন। পরবর্তীতে সেখান থেকেই তিনি জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হন।’
এরআগে রোববার ভারতের উত্তর প্রদেশের মোজাফফরনগর জেলা থেকে জঙ্গি আব্দুল্লাহকে গ্রেপ্তার করে দেশটির অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড। ভারতীয় কর্মকর্তারা তার ছবি প্রকাশ করেন।
উত্তর প্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের (এটিএস) আইজি অসীম অরুণ জানান, আবদুল্লাহ নামের এ জঙ্গি মোজাফফরনগরের কুটেসরা এলাকায় অবস্থান করছিলেন। আনসারুল্লাহ বাংলা টিমের এ জঙ্গি সেখানে সংগঠনের অন্য সদস্যদের জন্য ভুয়া কাগজপত্র তৈরি করছিলেন।
এটিএস জানায়, আব্দুল্লাহ ২০১১ সাল থেকে ভারতে অবস্থান করছিলেন। মোজাফফরনগরে আসার আগে আবদুল্লাহ সাহারাণপুরের দেওবন্দে ছিলেন। সংস্থাটি আরও জানায়, ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন আবদুল্লাহ। তার কাছ থেকে ১১টি আধার কার্ড (ভারতীয় জাতীয় পরিচয়পত্র) ও পাসপোর্ট উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আবদুল্লাহ বাংলাদেশ থেকে পালিয়ে আসা জঙ্গিদের ভারতে ভুয়া পরিচয়পত্র ও নথি প্রস্তুত করতে সহায়তা করতেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিনজনকে ডাকা হয়েছে।