সিলেটটুডে ডেস্ক | ০৮ আগস্ট, ২০১৭
বিদেশে পলাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের অবস্থান চিহ্নিত হয়েছে, তাদের ফিরিয়ে আনতে আইন মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ফলোআপ বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। তাদের ফিরিয়ে আনতে যে কমিটি কাজ করছে, আমি সেই কমিটির সদস্য। পররাষ্ট্রমন্ত্রীসহ আরো বেশ ক’জন এ কমিটির সদস্য।
তবে কোন আসামি, কোনো দেশে রয়েছেন এ বিষয়ে বিস্তারিত জানাননি মন্ত্রী।
শোক দিবস উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ফলোআপ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থান, ধানমন্ডি, টুঙ্গীপাড়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। যেখানে প্রয়োজন, নিরাপত্তা বাহিনী সেখানে সিসি ক্যামেরা বসাবে।
বৈঠকে পুলিশের আইজিপি একেএম শহীদুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামালউদ্দীনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু নির্মমভাবে সপরিবারে খুন হন। বর্তমানে বঙ্গবন্ধুর ৬ দণ্ডপ্রাপ্ত খুনি বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছেন। তারা হলেন- রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, কর্নেল রশীদ, মুসলেহউদ্দীন রিসালদার ও ক্যাপ্টেন মাজেদ।