Sylhet Today 24 PRINT

শাহজালাল বিমানবন্দরে আগুন, ঘটনা তদন্তে কমিটি

সিলেটটুডে ডেস্ক  |  ১১ আগস্ট, ২০১৭

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর একটা ৩৬ মিনিটের দিকে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিনে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের এই কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর এ কে এম শাকিল নেওয়াজ সংবাদমাধ্যমকে কমিটি গঠনের কথা জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা দুপুরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলা তিনটা পাঁচ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

শাকিল নেওয়াজ বলেন, ‘আমরা একটা নজির সৃষ্টি করতে পেরেছি। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছি।’ ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে সব ধরনের দাপ্তরিক কার্যক্রমও বন্ধ রয়েছে। যাত্রী ও কর্মকর্তাদের নিরাপদে বের করে আনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপনা (জনসংযোগ) পরিচালক তাছমিন আকতার বলেন, ‘বিমানবন্দরের টার্মিনাল ভবন-১ এর তিনতলায় এয়ার ইন্ডিয়ার একটি কার্যালয়ের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে বাংলাদেশ বিমানেরও একটি কক্ষ আছে।’

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে বলে ধারণা তার। তবে ফায়ার সার্ভিস থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.