Sylhet Today 24 PRINT

ব্লগারদের যারা হত্যা করছে তারা এক ধরণের চিন্তাভাবনা নিয়ে করছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক |  ২১ মে, ২০১৫

অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, এইচটি ইমাম, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ১০ জনকে হত্যার হুমকি সম্বলিত জঙ্গিদের চিঠি আসার পর তাদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তবে ব্লগারদের খুনি এবং বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকিদাতারা এক নয় বলে মনে করছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন- ব্লগারদের হত্যা আর ইনাদের যে হুমকি, আমার কাছে মনে হয় এটার ভেতরে কিছু রহস্য রয়েছে। ব্লগারদের যারা হত্যা করছে আমার কাছে মনে হয়, তারা এক ধরনের চিন্তাভাবনা নিয়ে করছে। আর ইনারা তো ব্লগার বা সে ধরণের লেখালেখি করেন না। আমার কাছে মনে হয়, এদের হয়ত ভিন্নতা থাকতে পারে বা ভিন্নতর হতে পারে।

তবে এই হুমকি কারা দিয়েছে, গোয়েন্দাদের অনুসন্ধানে তা বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩’ এর নামে চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়, যারা ব্লগার অনন্ত বিজয় দাশ, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমানকে হত্যার দাবি করেছে।

অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের দিন থেকে অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের দিন পর্যন্ত ৭৬ দিনে মোট ৩জন ব্লগারকে হত্যা করা হয় এবং হত্যার পর আনসারুল্লাহ বাংলাটিম টুইটারে সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। এই একই সংগঠনের পক্ষ থেকে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি চিঠি আসে, যাতে ১০ জনকে হত্যার হুমকি দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন- আনসারুল্লাহ বাংলা টিম একটি নিষিদ্ধ সংগঠন। এখন আনসারুল্লাহ বাংলা টিম হোক, আর নতুন আনসারুল্লাহ বাংলা টিম হোক কিংবা তার নাম দিয়ে আরও বাংলা টিম হোক; যেই হোক আমরা তা অনুসন্ধান করে বের করব, তাদের শাস্তির আওতায় আনব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.