Sylhet Today 24 PRINT

সিরিজ বোমা হামলার ১২ বছর: মামলা ১৫৯, নিষ্পত্তি ৯৩

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০১৭

১৭ আগস্ট, দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১২ বছর আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট পরিকল্পিতভাবে দেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩টি জেলায় ৫০০টি পয়েন্টে একই সময়ে বোমা হামলা চালায় জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) নামে একটি জঙ্গি সংগঠন। এতে দু’জন নিহত এবং বিস্ফোরিত বোমার স্প্রিন্টারের আঘাতে অর্ধশতাধিক লোক আহত হন।

দেশব্যাপী সিরিজ বোমা হামলায় দায়েরকৃত ১৫৯টি মামলার মধ্যে ৯৩টির নিষ্পত্তি হয়েছে। এতে ৩৩৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। বাকী ৫৬টি মামলা এখনো বিচারাধীন রয়েছে। এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪শ’ জন।

১২ বছর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট মুন্সিগঞ্জ ছাড়া দেশব্যাপী ৬৩টি জেলায় সংঘটিত এই সিরিজ বোমা হামলায় মোট ১৫৯টি মামলা দায়ের করা হয়।

১৪৯টি মামলার ১১০৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। বাকী ১০ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এই পর্যন্ত ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ২৭ জন আসামিকে অপর জঙ্গি সংশ্লিষ্ট মামলায় ফাঁসি দেয়া হয়েছে। এর মধ্যে ৮ জনের ফাঁসি কার্যকর হয়েছে। দেশের বিভিন্ন স্থানে এসব মামলায় আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৪৯ জন অভিযুক্তকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

২০০১ সালে জন্ম নেওয়া গোপন জঙ্গি সংগঠন জেএমবি ২০০৫ সালে দেশব্যাপী বোমা বিস্ফোরণের মাধ্যমে প্রচারপত্র ছেড়ে ব্যাপক আলোচনায় আসে। এর ছয় মাসের মধ্যে জেএমবির প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমানসহ এর শীর্ষ নেতাদের প্রায় সবাই গ্রেপ্তার হন।

২০০৭ সালের ৩০ মার্চ জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, তার সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, সামরিক কমান্ডার আতাউর রহমান সানি, সহযোগী আব্দুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ ও সালাউদ্দিনের ফাঁসি কার্যকর হওয়ার পর জেএমবি’র কার্যক্রম ঝিমিয়ে পড়েছিল।

এরপর তছনছ হয়ে পড়া সংগঠনটির আমির হন হবিগঞ্জের সাইদুর রহমান। তিনি ২০১০ সালে গ্রেপ্তার হলেও এখনো সংগঠনের আমির পদে আছেন। পরবর্তী সময়ে সংগঠনটি দুই ভাগে বিভক্ত হয়—এক ভাগ আইএস মতাদর্শ অনুসরণকারী নব্য জেএমবিতে যুক্ত হয়, অপর ভাগ সাইদুর রহমানকে আমির মেনে জেএমবির পুরনো ধারার সঙ্গে থাকে। এদের পুরনো জেএমবি নামে অভিহিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম ১৭ আগস্ট বোমা হামলার ১২ বছর উপলক্ষে জঙ্গি তৎপরতায় বিষয়ে গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছে। তিনি বলেন, জঙ্গি সংগঠনগুলো খণ্ডবিখণ্ড হয়ে পড়েছে। পুলিশি অভিযানে তাদের সাংগঠনিক নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে জঙ্গি সংগঠনগুলো যে ‘অপ-আদর্শ’ অনুসরণ করে, তা নির্মূলে অভিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.