Sylhet Today 24 PRINT

একাত্তর, বিডিনিউজ, জনকণ্ঠ, প্রথম আলো ছাড়া সবার জন্যে ‘দুঃখিত’ খায়রুল হক

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০১৭

আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক চারটি গণমাধ্যম ছাড়া আর কাউকে সাক্ষাৎ দিলেন না। বাকিদের উদ্দেশে বললেন ‘আমি দুঃখিত।’

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা তাঁর সঙ্গে কথা বলতে গেলে সাবেক প্রধান বিচারপতি জানালেন, চারটি গণমাধ্যম ছাড়া অন্য কারো সঙ্গে কথা বলবেন না তিনি।

তাঁর বাছাই করা চারটি গণমাধ্যম হলো—বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর, দৈনিক জনকণ্ঠ, অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক প্রথম আলো।

অন্য সংবাদমাধ্যমগুলোর সঙ্গে কথা না বলা প্রসঙ্গে বিচারপতি খায়রুল হক বলেন, ‘আমি দুঃখিত। এই চারটি ছাড়া বাকিদের (সংবাদকর্মী) সঙ্গে কথা বলতে চাইছি না।’

খায়রুল হক বললেন, ‘জনকণ্ঠের স্বদেশ বাবু (স্বদেশ রায়) আমাকে অনুরোধ করলেন। আমি ওকে বললাম, ওরা কি থাকতে পারে? প্রথম আলো বলেছে, আমরা আগের সংবাদ সম্মেলনে থাকতে পারি নাই। তাই প্রথম আলোকে আজ থাকতে বলেছি। ওদেরকে (বিডিনিউজ ও একাত্তর) থাকতে বলেছি রুপার (ফারজানা রুপা) অনুমতি নিয়ে। এখানে আর কারো থাকার সুযোগ নেই। আমি দুঃখিত।’

ওই সময় কয়েকজন সাংবাদিক অন্যান্য গণমাধ্যম তাঁর বক্তব্য থেকে বঞ্চিত হবে বলে জানালে খায়রুল হক জবাবে বলেন, ‘আমি দুঃখিত।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.