Sylhet Today 24 PRINT

‘দেশে কোনও বন্যা নেই’ বলেই শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে হামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০১৭

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ ও ত্রাণ তৎপরতা জোরদারের দাবিতে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মানববন্ধন হামলার মুখে পড়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ইমরানসহ ৫/৬ আহত হয়েছেন। ইমরান এইচ সরকার এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। ‘দেশে কোনও বন্যা নেই, বন্যা তোদের সৃষ্টি’- বলেই এ হামলা হয় বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

ইমরান বলেন, ‘ঠিক কারা হামলা করেছে, তা বলতে পারছি না। তবে ছাত্রলীগ আমাকে পেলে টুকরা-টুকরা করে ফেলবে বলে হুমকি দিয়েছিল। সুতরাং তারা এই হামলার দায় এড়াতে পারে না।’

ইমরান জানান, বন্যার্তদের জন্য তারা শাহবাগে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছিলেন। হঠাৎ করে কয়েকজন এসে বলতে থাকে- দেশে কোনও বন্যা নেই, এসব তোদের সৃষ্টি। এরপর তাদের কয়েকজন লাঠিসোঁটা, বাঁশ, ইট-পাটকেল নিয়ে আমাদের ওপর হামলে পড়ে। হামলায় পড়ে গিয়ে বেশ চোট পেয়েছেন বলেও জানান তিনি।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা বিকালে ত্রাণ সংগ্রহের জন্য শাহবাগে জাদুঘরের সামনে মিলিত হয়েছিলেন। সমাবেশের শেষের দিকে ১০ থেকে ১২ জন ইমরান এইচ সরকারকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে চারজন আহত হয়েছেন। থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- রিয়াজুল আলম ভূঁইয়া, নাসির উদ্দিন সোহাগ ও রকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র রিয়াজুল গণজাগরণ মঞ্চের দাপ্তরিক কর্মকাণ্ডে সক্রিয়। আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এরআগে গত ১৬ জুলাই ঢাকার আদালতপাড়ায় ছাত্রলীগকর্মীদের হামলার শিকার হন ইমরান এইচ সরকার।

হেফাজতে ইসলামের দাবির মুখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদী মিছিল থেকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’র অভিযোগে এক ছাত্রলীগ নেতার করা মানহানির মামলায় ওই দিন আদালতে আত্মসমর্পণ করেন ইমরান। জামিন নিয়ে ফেরার পথে আদালত প্রাঙ্গণেই তার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.