Sylhet Today 24 PRINT

হজের ভিসা আবেদনের সময় বেড়েছে

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০১৭

সৌদি আরবে হজযাত্রীদের ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ কার্যালয়ের পরিচালক শুক্রবার সকালে এ কথা জানান।

ভিসার জন্য ধর্ম মন্ত্রণালয়ের সময় বাড়ানোর আবেদন মঞ্জুরের আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি সৌদি দূতাবাস।

ধর্ম মন্ত্রণালয় বলছে, দূতাবাস ভিসার কাজ চালিয়ে যেতে বলেছে।

আশকোনার হজ কার্যালয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, সৌদি দূতাবাসে হজযাত্রীদের ভিসা নিতে পাসপোর্ট জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। ধর্ম মন্ত্রণালয় এই সময় বাড়ানোর আবেদন করে।

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেন, ‘সৌদি দূতাবাস সময় বাড়ানোর আবেদন মঞ্জুরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি। দূতাবাস জানিয়েছে, ভিসার কাজ চালিয়ে যেতে। রোববার পর্যন্ত সময় আছে। আমরা শনিবারের মধ্যে কাজ শেষ করতে চাচ্ছি।'

হজ কার্যালয়ের পরিচালক বলেন, ‘সৌদি দূতাবাস না করেনি। আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা শনিবারের মধ্যে সব কাজ শেষ করব।’

হজ কার্যালয় বলছে, এ পর্যন্ত ভিসা হয়েছে এক লাখ ২২ হাজার ৮৬১ জন হজযাত্রীর। আর এখনো পর্যন্ত ভিসা হয়নি ৪ হাজার ৩৩৭ জন হজযাত্রীর।

সৌদি ই-হজ পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৯ হাজার ৪৬০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.