Sylhet Today 24 PRINT

কাজ শেষে বাড়ি ফিরতে চেয়েছিলো গারো মেয়েটি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৫

কাজ শেষ করে বাড়ি ফিরতে চেয়েছিলো মেয়েটি। প্রতিদিনই সে যেমন করে ফিরে। অথচ বৃহস্পতিবার রাতে তার আর বাড়ি ফিরা হয় না। মানুষরুপী ৫ হিংস্র পশুর মুখে পড়তে হয় তাকে। অস্ত্রের মুখে চলন্ত মাইক্রোবাসে তুলে তাকে পালঅক্রমে ধর্ষন করে এই হায়েনারা। খোদ রাজধানীর রাস্তায়ই গণধর্ষনের শিকার হয় এই গারো তরুণী (২২)।

নারী লাঞ্ছনা ও যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিদিন দেশব্যাপী যখন নানা কর্মসূচি পালিত হচ্ছে, সেই সময়েই চলন্ত মাইক্রোবাসে ধর্ষণের শিকার হলেন এই আদিবাসী তরুণী।

ঘটনার শিকার তরুণী যমুনা ফিউচার পার্কে একটি পোশাকের দোকানে কাজ করেন। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধর্ষণের অভিযোগে শুক্রবার তিনি ভাটারা থানায় মামলা করেন।

ভাটারা থানার পুলিশ জানায়, তরুণীটি তাঁদের বলেছেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে কাজ শেষে তিনি যমুনা ফিউচার পার্ক থেকে উত্তরার বাসায় যেতে বাসের জন্য কুড়িল ফ্লাইওভারের পাশে একটি সিএনজি স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় ছাই রঙের একটি মাইক্রোবাস তাঁর সামনে এসে থামে। মাইক্রোবাস থেকে দুই যুবক নেমে এসে অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে তাঁকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলেই তাঁর মুখ ও হাত-পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা। এরপর গাড়িটি বিভিন্ন সড়কে ঘুরতে থাকে। গাড়ির ভেতরে চালকসহ পাঁচজন তাঁকে ধর্ষণ করে। ধর্ষণের সময়ও তাঁকে ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখা হয়। রাত পৌনে ১১টার দিকে উত্তরার জসীমউদ্‌দীন সড়কে তাঁকে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যায়।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। মেয়েটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.