Sylhet Today 24 PRINT

কিংবদন্তীকে শেষ শ্রদ্ধা জানানো হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, অন্তিম শয্যা বনানীতে

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৭

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ আব্দুর রাজ্জাককে মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানোর পর বিকেলে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হবে বলে তাঁর পরিবার থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

'নায়করাজ' নামে পরিচিত এই কিংবদন্তী অভিনেতা ৭৫ বছর বয়সে সোমবার (২১ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান।

এই অভিনেতার মরদেহ বর্তমানে ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রয়েছে।

সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রয়াতের বড় ছেলে বাপ্পারাজ।

এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, সকালে এফডিসিতে রাজ্জাকের একটি জানাজা করার পরিকল্পনা তাদের রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে নিশ্চিত হলে তারা লাশ এফডিসিতে নেবেন।

তবে লাশ এফডিসিতে নেয়া হলেও সেখানে প্রবেশ সবার জন্য উন্মুক্ত থাকবে না বলেও জানান তিনি। তবে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।

শহীদ মিনার থেকে লাশ নিয়ে যাওয়া হবে প্রয়াতের নিজবাড়ি লক্ষ্মীকুঞ্জের পার্শ্ববর্তী গুলশানের আজাদ মসজিদে। সেখানে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

জানাজা শেষে রাজ্জাকের মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.