Sylhet Today 24 PRINT

নায়করাজকে শেষ শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৭

ঘোষণাটা আগেই দেওয়া হয়েছিল, সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার (২২ আগস্ট ) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় নায়করাজ রাজ্জাকের মরদেহ।

ঘোষণামতো বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেতা নায়করাজ রাজ্জাকের লাশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।

দুপুর ১২টা ২২ মিনিটে নায়করাজ রাজ্জাকের মরদেহ নিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িটি কেন্দ্রীয় শহীদ মিনারে আসে।

এখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অস্থায়ী মঞ্চে এনে রাখা হয় রাজ্জাকের মরদেহ। এ সময় অস্থায়ী মঞ্চে রাজ্জাকের মরদেহের সঙ্গে ছিলেন তার দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট, চিত্রনায়ক শাকিব খান, সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দস প্রমুখ।

চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠন ফুল ও পুষ্পস্তবক দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ অনেকে।

এছাড়া নায়করাজের লাশ দেখতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করছেন হাজার হাজার মানুষ। এই কিংবদন্তি অভিনেতাকে শেষবারের মতো একপলক দেখার জন্য অপেক্ষা করছেন ভক্তরা।

এ সময় বাংলা একাডেমীর সহকারী পরিচালক, কবি ও অভিনেতা শাহাদাৎ হোসেন নিপুর সাথে কথা হলে তিনি বলেন, নায়করাজ রাজ্জাকের লাশ সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে দুই ঘণ্টা তাঁর লাশ রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে গুলশানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

রাজ্জাককে শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান রাজ্জাক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.