Sylhet Today 24 PRINT

দায়িত্ব পালনে বাধা নেই আইনসচিবের

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৭

আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত করে দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২২ আগস্ট) চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।

আদেশের বিষয়টি জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান বলেন, এর ফলে আইন মন্ত্রণালয়ে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের দায়িত্ব পালনে আইনগত বাধা নেই।

এর আগে আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সকালে আইনসচিবের পক্ষের আইনজীবীরা আদালতের কাছে সময় চান। আদালত তা নাকচ করে এই আদেশ দেন।

৬ আগস্ট অবসরোত্তর ছুটি বাতিল করে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরদিন থেকে এই নিয়োগ কার্যকর হয়। চুক্তিভিত্তিক নিয়োগ ও যোগদানসংক্রান্ত অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ৮ আগস্ট হাইকোর্ট রুল দিয়ে ১০ আগস্ট শুনানির দিন রাখেন। রুলে এই চুক্তিভিত্তিক নিয়োগ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

১০ আগস্ট রিট আবেদনকারীপক্ষ চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত চেয়ে আবেদন দাখিল করে। সেদিন রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৭ আগস্ট পর্যন্ত সময় মঞ্জুর করেন। আজ শুনানির দিন ধার্য করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.