Sylhet Today 24 PRINT

আপন জুয়েলার্সের জব্দ করা স্বর্ণ কেন ফেরত নয় : হাইকোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৭

আপন জুয়েলার্সের জব্দকৃত মালামাল কেন ফেরত দেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে শুল্ক গোয়েন্দা বিভাগের দেয়া নোটিশ কেন বেআইনি ঘোষণা করা হবে না রুলে জানতে চেয়েছেন আদালত।

এ বিষয়ে করা ৫টি রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (২২ আগস্ট) বিচারপতি সৈয়দ রেফাত আহমদ ও বিচারপতি মো: ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী জিনাত হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন রিপন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ আপন জুয়েলার্সের অন্যতম মালিক। এই পরিবারের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ থাকায় জাতীয় রাজস্ববোর্ডের নির্দেশে একটি অনুসন্ধান কমিটি করে তদন্ত শুরু করে শুল্কগোয়েন্দা অধিদপ্তর।

প্রসঙ্গত, শুল্ক গোয়েন্দারা গত ১৪ ও ১৫ মে অভিযান চালিয়ে আপন জুয়েলার্সের গুলশান ডিসিসি মার্কেট, গুলশান এভিনিউ, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাকের পাঁচটি শো-রুম থেকে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে সাড়ে ১৩ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

পরে গত ২৫ জুলাই মালামাল জব্দের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট ৫টি রিট করেন দিলদার আহমেদসহ তিন ভাই।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ এ রুল জারি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.