Sylhet Today 24 PRINT

নায়করাজের দাফন আগামীকাল করার সিদ্ধান্ত, আসছেন বাপ্পি

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৭

অবশেষে নায়করাজকে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামীকাল বুধবার (২৩ আগস্ট)। মেজ ছেলে বাপ্পি আগামীকাল ভোরে সে ঢাকায় এসে পৌঁছাবে।

বাপ্পিকে বহনকারী ফ্লাইট আগামীকাল সকাল সোয়া ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে তাঁর পরিবার সূত্রে জানা যায়। সে টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাত্রা করছে বলেও তাঁর পরিবার গণমাধ্যমকে জানিয়েছে।

আজাদ মসজিদের ইমামের সঙ্গের আলাপ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান নায়করাজ রাজ্জাকের সহকর্মী অভিনেতা আলমগির। আগামীকাল বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টায় বনানী বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে নায়করাজকে।

রাজ্জাকের দীর্ঘদিনের সহকর্মী অভিনেতা আলমগির আরো বলেন, ‌‘আজ বাদ আসর বিকাল ৫টার পর গুলশান আজাদ মসজিদে নায়করাজের জানাজা হবে। এরপর তার মরদেহ ফের হিমঘরে রাখা হবে।’

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক। এরপর রাতে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়।

আজ (মঙ্গলবার) সকাল ১১টা ২০ মিনিটে এফডিসিতে জানাজা শেষে নায়করাজের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনগণ শেষবারের মতো নায়করাজ রাজ্জাককে শ্রদ্ধা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.