সিলেটটুডে ডেস্ক | ২৪ আগস্ট, ২০১৭
আমাকে নিয়ে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়, আমি কোর্টে যা বলি, তাতে কিছু বিকৃত হয়। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আপনাদের কাছে আবেদন, মিস কোট করবেন না। আপনারা একটু খেয়াল করবেন; বললেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বিচারপতি সিনহা বলেন, বিচারক হিসেবে মামলা শোনার সময় আমি কোনও আইনজীবীকে প্রশ্ন করতেই পারি-এটা আমার স্বাধীনতা। প্রশ্নটা কী কারণে, কোন উদ্দেশ্য, সেটা না বুঝে এটা করাতে অনেক সময় ভুল-ভ্রান্তি হতে পারে।
তিনি বলেন, আপনারা আপনাদের অতীতে কি করেছেন, সেটা ভুলে যান। এই বিচার বিভাগের আপনি যখন বিচারক, আপনাকে প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে ভাবতে হবে। যদি রাজনীতি করতে হয়, আপনারা ছেড়ে চলে আসেন। বিচারক যদি হন, নিরপেক্ষভাবে করবেন। এটা আপনাদের প্রতি জনগণের অধিকার।
এক্ষেত্রে আইনজীবীদেরও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখতে ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।
প্রধান বিচারপতি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার নথি পর্যালোচনায় দেখা গেছে অনেক ত্রুটি ছিল এ মামলায়। যেমন তদন্তে, সে রকম প্রসিকিউশন ত্রুটি ছিল। শুধু এই মামলা নয়, জেলহত্যা মামলাতেও অনেক ত্রুটি ও গাফিলতি ছিল। এটা ফৌজদারি ষড়যন্ত্র ছিল। ফৌজদারি ষড়যন্ত্র যদি হয়, এটা হয়েছিল সেনানিবাস থেকে।
এসব নিয়েই ভবিষ্যতে কিছু লেখার চিন্তা-ভাবনার কথাও জানান আগামী বছর অবসর নিতে যাওয়া বিচারপতি সিনহা।
আইনজীবী নেতা সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী, ড. কামাল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।