Sylhet Today 24 PRINT

সওজের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল : সেতুমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৭

সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক ও জনপথের (সওজ) সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। শুধু ঈদের দিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের ছুটি থাকবে।"

ছুটি বাতিলের কারণ হিসাবে মন্ত্রী বলেন, "এবার দেশে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিত বিরাজ করছে। এ পরিস্থিতিতে সড়ক-মহাসড়ক সচল রাখার জন্যই প্রকৌশলীদের মাঠে থাকতে হবে। গত ঈদের চেয়ে এবার ঈদযাত্রা সহায়ক ও স্বস্তিদায়ক হবে বলে আমি আশা করছি।"

শুক্রবার (২৫ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, "দেশের প্রায় ৫০টি পয়েন্টে মহাসড়ক এক থেকে ৩ কিলোমিটার পর্যন্ত বন্যার কারণে পানির নিচে রয়েছে। অবশ্য পানি কমতে শুরু করেছে। সড়ক থেকে পানি সরে যাওয়ার সাথে সাথে প্রকৌশলীদের রাস্তায় যানবাহন চলাচলের উপযোগী করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।"

পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডিকেএএম নাহীন রেজাসহ সড়ক বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.