সিলেটটুডে ডেস্ক | ২৪ মে, ২০১৫
পহেলা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও ছিনতাইয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া এক ছাত্রীকে রং দেওয়ার ঘটনায় ছাত্রলীগের আরেক কর্মীকে ৩ মাসের বহিষ্কার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব আবু বকর সিদ্দিক বলেন, যৌন নিপীড়ন ও ছিনতাইয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নিশাত ইমতিয়াজ বিজয়, ছাত্রলীগ কর্মী এবং নৃবিজ্ঞান বিভাগের আবদুর রহমান ইফতি ও নুরুল কবির, হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের নাফিজ ইমতিয়াজ, ছাত্রলীগ কর্মী এবং ভূগোল ও পরিবেশ বিভাগের রাকীব হাসান। এরা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছাত্রলীগ কর্মী বিকাশ কুমার মহন্ত, মো. আশরাফুল ইসলাম ও অর্ণপ দত্তকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যৌন নিপীড়ন বিরোধী সেলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১১ মে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয় বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল। পরে ২১ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট এই সিদ্ধান্ত নেয়।