সিলেটটুডে ডেস্ক | ২৪ মে, ২০১৫
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের জামিনের আবেদন করা হয়েছে। শুক্রবার শিলংয়ে প্রথম শ্রেণির বিচারিক আদালতে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ একটি জামিনের দরখাস্ত করেন। এ বিষয়ে আগামী ২৯ মে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
শনিবার শিলং টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জামিন আবেদনের সময় সালাহ উদ্দিন আদালতে হাজির ছিলেন না।
জামিন আবেদনে বলা হয়েছে, সালাহ উদ্দিন আহমেদ চলতি বছরের ১০ মার্চ নিখোঁজ হন। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অপহরণের অভিযোগে এফআইআর করতে গেলে পুলিশ তা নথিভুক্ত করতে অস্বীকৃতি জানায়। পরে তিনি এ ঘটনায় দেশে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সালাহ উদ্দিনের ঘটনার তদন্তের অগ্রগতি জানানোর নির্দেশ দেন।
আবেদনে বলা হয়েছে, সালাহ উদ্দিন গুরুতর অসুস্থ। সুস্থ হওয়ার জন্য বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন তার। আবেদনের সঙ্গে সালাহ উদ্দিনের পাসপোর্ট ও বিদেশে বিশেষ করে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার ভিসাও আদালতে জমা দেওয়া হয়েছে।
এদিকে শিলং আদালতের একজন সরকারি কৌঁসুলি জানিয়েছেন, সালাহ উদ্দিন আহমেদ চিকিৎসাধীন থাকায় মেঘালয় পুলিশ প্রকৃতপক্ষে সালাহ উদ্দিনের ঘটনার কোনো তদন্ত করতে পারেনি। এই অবস্থায় তার জামিন পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রসঙ্গত, বর্তমানে সালাহ উদ্দিন নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ ও মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার বিকেলে তাকে সিভিল হাসপাতাল থেকে ওই বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি কিডনি, হার্ট, মূত্রাশয় ও ত্বকের সমস্যায় ভুগছেন।
উল্লেখ্য, দুই মাস নিখোঁজ থাকার পর ১১ মে শিলংয়ে সালাহ উদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়। শিলং পুলিশ তাকে আটক করার দাবি করলেও সালহ উদ্দিনের দাবি, তিনি নিজেই পুলিশের কাছে গিয়েছেন। পরে শিলং থেকে তিনি স্ত্রী হাসিনা আহমেদকে ফোন করেন।