সিলেটটুডে ডেস্ক | ৩০ আগস্ট, ২০১৭
মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
মঙ্গলবার (৩০ আগস্ট) জেনেভায় সংস্থার কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
ইউএনএইচসিআরের মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ডস বিবৃতিতে বলেন, গত শুক্রবার থেকে মিয়ানমারে যে আশঙ্কাজনক পরিস্থিতি শুরু হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশের সহযোগিতা চেয়ে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের সহযোগিতার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত মিয়ানমার থেকে অন্তত ৫ হাজার ২০০ মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে কয়েক হাজার মানুষ এখন বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে।
এতে আরও বলা হয়, সীমান্ত লাগোয়া বাংলাদেশ অংশে এখন কয়েক হাজার উদ্বাস্তুকে পাহারা দিয়ে রাখা হয়েছে। অনেকই কুতুপালং এলাকায় আছে। মিয়ানমার থেকে আসা এসব মানুষের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরা আছেন। এঁদের মধ্যে আবার অনেকেই আহত হয়ে এসেছেন।
জাতিসংঘের সংস্থাটি বলছে, ‘এসব নারী-পুরুষের অনেককেই বাংলাদেশে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা ঘটছে। এর ফলে এসব আক্রান্ত মানুষ চরম ঝুঁকির মধ্যে পড়ছে। বাংলাদেশ গত কয়েক দশক ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে।
ইউএনএইচসিআর মনে করে, নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়দান অব্যাহত রাখবে। আর এ কাজে বাংলাদেশকে প্রয়োজনীয় সাহায্য এবং অন্যান্য সহযোগিতা দিতে আন্তর্জাতিক সংস্থার প্রতি আমরা আহ্বান জানাই।’