Sylhet Today 24 PRINT

পরিত্যক্ত অবস্থায় আমদানি নিষিদ্ধ ২৫৩ কার্টন সিগারেট জব্দ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৭

সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আমদানি নিষিদ্ধ ২৫৩ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে এ সিগারেট জব্দ করা হয়। ওই কার্টনে ৫৩ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদ পেয়ে আগে থেকেই শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারিতে ছিল। পরবর্তীতে ৪ নং ব্যাগেজ বেল্টে আনুমানিক ভোর ৬টায় পরিত্যক্ত অবস্থায় ওই সিগারেটগুলো পাওয়া যায়।

পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টন ও লাগেজ খুলে ৫৩ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। এ সিগারেট ২৫৩টি কার্টনে পাওয়া যায় যার সব ৩০৩ ব্র্যান্ডের।

তিনি আরো জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এ সব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুল্ক করসহ জব্দ পণ্যের মূল্য ২০ লাখ টাকারও বেশি। এ পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.