Sylhet Today 24 PRINT

ঈদের দিন বৃষ্টি হতে পারে

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৭

পবিত্র ঈদুল আজহার দিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মৌসুমী বায়ুর প্রভাবেই ঈদের দিন সকালে অথবা বিকেলের দিকে এ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এই মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ১ ও ২ সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের দিন সকালে অথবা বিকেলে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে । এছাড়া অন্যান্য জেলায় হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

অধিদফতর আরো জানানো হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এছাড়া মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। লঘুচাপটি বর্তমানে গুজরাট ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.