Sylhet Today 24 PRINT

কোরবানির গরু আনতে গিয়ে প্রাণ হারালেন রোহিঙ্গা দম্পতি

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৭

রাখাইনের নিজ বাড়িতে রেখে আসা কোরবানির গরু আনতে গিয়ে প্রাণ হারালেন এক রোহিঙ্গা দম্পতি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জলপাইতলী জিরো পয়েন্ট দিয়ে মিয়ানমারে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের গুলি করে হত্যা করে দেশটির নিরাপত্তা বাহিনী।

নিহতরা হলেন- মিয়ানমারের রাখাইনের ডেকুবনিয়া এলাকার আয়াত উল্লাহ ও তার স্ত্রী আয়েশা বেগম। দু'দিন আগে পরিবার নিয়ে ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন আয়াত উল্লাহ।

নিহতদের স্বজনেরা জানিয়েছেন, শনিবার সকালে স্ত্রীকে নিয়ে নাইক্ষ্যংছড়ির জলপাইতলী সীমান্ত দিয়ে কোরবানির গরু আনতে মিয়ানমারে যান আয়াত উল্লাহ। সীমান্ত পার হওয়ার পরই মিয়ানমারের সেনাবাহিনী এবং বিজিপি তাদের গুলি করে হত্যা করে।

দীর্ঘক্ষণ লাশ মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে পড়ে ছিল। পরে নো-ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গারা লাশ উদ্ধার করে জিরো পয়েন্টে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই তাদের দাফনের প্রস্তুতি চলছে।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা দম্পতিকে গুলি করে হত্যা করেছে। পরে জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গারা তাদের লাশ জলপাইতলীতে নিয়ে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.