Sylhet Today 24 PRINT

ঢাবির নতুন উপাচার্য আখতারুজ্জামান

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৭

উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসা অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে উপাচার্য হিসেবে সাময়িক দায়িত্ব দিয়েছে সরকার।

সোমবার জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে সাময়িক দায়িত্ব দেয়া হয়েছে।

প্রজ্ঞাপণে বলা হয়েছে সম্পূর্ণ সাময়িকভাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং চ্যান্সেলর চাইলে যে কোন সময় তাকে অব্যাহতি দিতে পারবেন।

অধ্যাপক ড. আখতারুজ্জামান ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান। উপ-উপাচার্য(প্রশাসন) হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি কলা অনুষদের ডিন, কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ  এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত ২৩ মে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় এবং সিনেট মনোনীত উপাচার্য প্যানেল আদালতে স্থগিত হওয়ায় আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.