Sylhet Today 24 PRINT

মিরপুরে ‘জঙ্গি আবদুল্লাকে’ আত্মসমর্পণের আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৭

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে সোমবার দিবাগত রাত থেকে ঘিরে রেখেছে র‌্যাব।

র‌্যাবের ঘেরাওয়ের পর বাড়ির ভেতর থেকে বেশ কয়েকটি বিকট শব্দ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বোমা বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে র‌্যাব জানায়, ওই বাড়ির পঞ্চমতলায় এক জঙ্গি অবস্থান করছে বলে তথ্য পাওয়া গেছে। ওই জঙ্গির নাম আবদুল্লাহ। তাকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয়েছে। তবে ভেতর থেকে এখনো কোন সাড়া মেলেনি।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘সন্দেহ করা হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত ছয়তলা বাড়ির পঞ্চমতলায় জঙ্গি আস্তানা রয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব বাড়িটি ঘিরে ফেলে।’

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মাঝেমধ্যে গোলাগুলির শব্দও পাওয়া যায়। রাত থেকেই ভবনটির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

মুফতি মাহমুদ খান বলেন, ‘বাড়িটিতে অবস্থানরত সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানানো হচ্ছে। বাড়িটি ঘিরে ফেলার পর জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে হাতে তৈরি গ্রেনেড ও পেট্রোল বোমা ছুঁড়েছে। পরপর ৫-৬টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।’

এর আগে সোমবার দিবাগত রাতে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার মসিন্দা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে আটক করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- ওই বাড়ির মালিক আবুল হোসেন চিশতীর ছেলে মাসুম (৩০) ও খোকন (২৫)। তাদের দেওয়া তথ্য মতে মিরপুরের মাজার রোডের ওই বাড়িতে অভিযান চালানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.