Sylhet Today 24 PRINT

মিরপুরের জঙ্গি আস্তানায় ফের র‍্যাবের অভিযান শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৭

রাজধানীর মিরপুরের দারুস সালামের জঙ্গি আস্তানার ফের অভিযান শুরু হয়েছে। এ অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আস্তানার পাশে সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে স্থগিত হওয়া অভিযান কিছুক্ষণ আগে আমরা শুরু করেছি। গতকাল বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ড এখন না থাকলেও কিছু কিছু স্থানে ধোঁয়া দেখা গেছে। এখন ফায়ার সার্ভিসের সঙ্গে র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড কাজ শুরু করেছে। নিয়মানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রাতে র‌্যাব সদস্যরা জানান, মিরপুর মাজার রোডের বাঁধন সড়কের বর্ধনবাড়ি এলাকার ওই ছয়তলা ভবনের ৫ম তলায় জঙ্গিরা রয়েছে। ‘জঙ্গি আস্তানা’য় বোমা সাদৃশ্য কিছু থাকতে পারে। তাছাড়া অন্ধকারের কারণে ভবনে অভিযান চালানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়।

রাত পৌনে ১২টার দিকে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান আরও বলেন, সন্ধ্যার পর আত্মসমর্পণ না করে রাত পৌনে ১০টার দিকে পরপর বড় ৪টি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে র‌্যাবের ৪ সদস্য স্প্লিন্টারের আঘাতে আহত হন। বিস্ফোরণের কারণে ওই ভবনের আগুন লেগে যায়।

এদিকে বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, সকাল পৌনে ৯টার দিকে অভিযান শুরু করে র‌্যাব। অভিযান পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। আগে থেকেই র‌্যাব সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি ও নির্দেশে অভিযান শুরু হয়। ভবনটিতে প্রবেশ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, রাতে জঙ্গি আস্তানায় বিস্ফোরণের কারণে যে অগ্নিকাণ্ড হয়েছিল তা আড়াই থেকে তিন ঘণ্টার মধ্যে আমরা নিয়ন্ত্রণে আনি। কিন্তু তখন আস্তানায় আরও বিস্ফোরক ছিল কি না নিশ্চিত না হওয়ায় আমরা ভেতরে প্রবেশ করিনি। ওই সময় অভিযান স্থগিত করা হয়। সকালে আমাদের  ৩টি ইউনিট ভবনে প্রবেশ করেছে , তারা বের হলে ভেতরের পরিস্থিতি এবং  মধ্যরাতের বিস্ফোরণের  কারণ জানা যাবে।

উল্লেখ্য, ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে সোমবার রাত সাড়ে ১২টা থেকে রাজধানীর মিরপুরের মাজার রোডে বাঁধন সড়কের বর্ধনবাড়ি এলাকার ভাঙ্গাওয়াল গলির ছয়তলা বিশিষ্ট ওই বাড়িটি ঘিরে রাখা হয়। র্যাব সদস্যরা জানান, সেখানে দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীসহ দুর্ধর্ষ জঙ্গি আব্দুল্লাহ অবস্থান করছেন এবং বিপুল পরিমাণ বিস্ফোরকও মজুদ করে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.