Sylhet Today 24 PRINT

নাফ নদীতে ফের নৌকাডুবি, ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন থেকে বাঁচতে নৌকাযোগে বাংলাদেশে আসতে গিয়ে নাফ নদীতে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে শাহপরীর দ্বীপ সৈকত এলাকা থেকে ৬ নারী-শিশুর মরদেহ উদ্ধার করেছে বিজিবি-কোস্টগার্ড। তাদের মধ্যে ৪ শিশু ও ২ নারী রয়েছে।

বুধবার ভোররাতে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত পাওয়া রোহিঙ্গা নারী-শিশু ও পুরুষের লাশের সংখ্যা ৬১-তে এসে দাঁড়িয়েছে।

বুধবার ৬ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড শাহপরীর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়সাল।

সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার সদস্য ফজল করিম জানান, লোক মারফত খবর পেয়েছি- নাফ নদী পার হয়ে আসতে গিয়ে অর্ধডজন নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কয়জন ভেসে গেছে তা সঠিক বলা না গেলেও বেলা ১২টা পর্যন্ত ৬ নারী-শিশুর মরদেহ উদ্ধার করা গেছে।

স্থানীয়দের সহায়তায় বিজিবি ও কোস্টগার্ড এসব মরদেহ কূলে তুলে আনে।

টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন খান বলেন, খবর পেয়েছি- বুধবার ভোররাতে ঝড়ো বাতাসে বৃষ্টিপাত হয়েছে। হয়তো ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে নদী পারাপাররত নৌকাগুলো। আমরা খোঁজ লাগিয়েছি আর কোনো মরদেহ ভেসে আসছে কিনা। আর কতোজন মানুষ সেখানে ছিল তাও বের করার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.