Sylhet Today 24 PRINT

মিরপুর জঙ্গি আস্তানায় পুড়ে যাওয়া ৩ মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৭

মিরপুরের মাজার রোডের জঙ্গি আস্তানায় একটি রুমে পুড়ে বিবর্ণ হয়ে যাওয়া তিনটি লাশের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান এখনো অব্যাহত আছে।

বেলা একটার কিছুক্ষণ আগে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ সাংবাদিকদের জানান, পাঁচ তলার একটি কক্ষে তিনটি লাশ পাওয়া গেছে। তবে লাশগুলো এমনভাবে পুড়েছে যে, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এমনকি ছেলে নাকি মেয়ে সেটাও বোঝা যাচ্ছে না।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে শুরু হওয়া এই অভিযান এখনো অব্যাহত আছে। র‌্যাব-পুলিশ ও ফায়ার সার্ভিস এই অভিযান চালাচ্ছে। রয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডও।

এর আগে মঙ্গলবার সারাদিন র‌্যাবের পক্ষ থেকে যোগাযোগ করে আবদুল্লাহকে আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টা চলে। সন্ধ্যায় জানানো হয়, আবদুল্লাহ রাজি হয়েছেন এবং রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আত্মসমর্পণ করবেন বলেছেন।

কিন্তু সন্দেহভাজন ওই জঙ্গি র‌্যাব সদস্যদের আরও আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখেন এবং রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এতে ছয়তলা ভবনের পঞ্চম তলায় ‘জঙ্গিদের’ ফ্ল্যাটে আগুন ধরে যায়। আগুনের কুণ্ডলিতে আশপাশের এলাকা আলোকিত হয়ে ওঠে। এরপর সেখানে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। এ সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের কিছু সময় পর মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, “ভিতরে যারা ছিল তারাই বিস্ফোরণ ঘটিয়েছে। তিনটি বড় বড় বিস্ফোরণ ঘটিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আরও কিছু বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে পাঁচতলায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। কেমিক্যাল ফায়ারের মতো হবে।”

প্রসঙ্গত, জঙ্গি আস্তানা’ সন্দেহে সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টা থেকে রাজধানীর মিরপুরের মাজার রোডে বাঁধন সড়কের বর্ধনবাড়ি এলাকার ভাঙ্গাওয়াল গলির ছয়তলা বিশিষ্ট ওই বাড়িটি ঘিরে রাখা হয়। র‍্যাব সদস্যরা জানান, সেখানে দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীসহ দুর্ধর্ষ জঙ্গি আব্দুল্লাহ অবস্থান করছেন এবং বিপুল পরিমাণ বিস্ফোরকও মজুদ করে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.