Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা গণহত্যা বন্ধে শুক্রবার গণজাগরণের ‘ঢাকা র‍্যালি’

নিজস্ব প্রতিবেদক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর পর সেখানকার সামরিক জান্তার নির্মম গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে ‘ঢাকা র‍্যালি’ করবে গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই জাতিগত নিপীড়নের শিকার মানুষগুলোকে তাদের নিজেদের দেশে নিরাপদে বাস করার অধিকার ফিরিয়ে দিতে সবচেয়ে জোরালো ভূমিকা রাখতে হবে বাংলাদেশকেই। মিয়ানমারের সরকারকে এই বর্বর গণহত্যা বন্ধ করতে বাধ্য করতে হবে। প্রয়োজনে সারা পৃথিবীর মানুষের কাছে এই গণহত্যার খবর পৌঁছে দিয়ে জনমত তৈরি করতে হবে।

আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে ঢাকা র‍্যালির অনুষ্ঠিত হবে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, মানবতার পক্ষের এই নাগরিক র‍্যালিকে কেন্দ্র করে #DhakaRally হ্যাশট্যাগ দিয়ে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ক্যাম্পেইন চলছে। মিলছে অভূতপূর্ব সাড়া।

দল-মত-ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষকে মানবতার এই দুঃসময়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, 'আসুন সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মানবতার এই র‍্যালিতে অংশগ্রহণ করি। সারাবিশ্বকে জানিয়ে দেই বাংলাদেশের মানুষ নিপীড়িত রোহিঙ্গাদের পাশে আছে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.