Sylhet Today 24 PRINT

জাতীয় কবি নজরুলের ১১৬তম জন্মবার্ষিকী আজ

নিউজ ডেস্ক  |  ২৫ মে, ২০১৫

আজ ১১ জ্যৈষ্ঠ। জাতীয় কবি, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মদিন। ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা কাজী ফকির আহমেদ এবং মা জাহেদা খাতুন। জাতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় দিনটি উদযাপন করবে। এ বছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানটি হচ্ছে কুমিল্লায়। কুমিল্লা টাউনহল চত্বরে বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য হচ্ছে 'কুমিল্লায় নজরুল'।

কুমিল্লা শহরটি কবি নজরুলের প্রেম, বিয়ে-বিচ্ছেদ, গ্রেফতার, সমাবেশ এবং কাব্য ও সংস্কৃতিচর্চাসহ বহু ঘটনার নীরব সাক্ষী। কুমিল্লা জেলার দৌলতপুরের সৈয়দা খাতুন নামে এক কিশোরীকে ভালোবেসেছিলেন কবি। ভালোবেসে কবি ওই কিশোরীর নাম রেখেছিলেন 'নার্গিস'। 'নার্গিসে'র সঙ্গে কবির বিয়েও ঠিক হয়। তবে বিয়ের নির্ধারিত দিনটিতেই ভেঙে যায় সে বিয়ে। পরে নার্গিসকে নিয়ে কবি লেখেন, 'যারে হাত দিয়ে মালা দিতে পার নাই/কেন মনে রাখো তারে'। এখানেই শেষ নয়। কবিপত্নী প্রমিলা দেবীর বাড়িও ছিল কুমিল্লায়। এসব কারণেই কবির ১১৬তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কুমিল্লায়।

আজ সকাল ৬টা ৩০ মিনিটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল ইনস্টিটিউট আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া ঢাকাসহ জাতীয় কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল এবং চট্টগ্রামে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হবে।

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখতেন, তা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বাণীতে বলেন- কাজী নজরুলের ইসলামের কবিতা ও গান মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জুগিয়েছিল।

বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্যস্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে কবির বসবাসের জন্য ধানমন্ডিতে একটি বাড়ি বরাদ্দ করেন তিনি।

এদিকে কুমিল্লায় ঐতিহ্যবাহী টাউনহল মাঠে তিন দিনব্যাপী জাতীয় কবির জন্মবার্ষিকী সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিকাল ৪টায় টাউন হল মাঠে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড সভাপতি প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল। স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম আকতারী মমতাজ।

ঢাবির কর্মসূচি : সকাল সাড়ে ৬টায় ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের পক্ষে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে মাজার প্রাঙ্গণে ভিসির সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী দুই পর্বের 'জাতীয় সেমিনার'। ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন ও কলা অনুষদের ডিন অধ্যাপক মোঃ আখতারুজ্জামান উপস্থিত থাকবেন। সেমিনারের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে অপরাহ্নে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস অ্যান্ড ইন্টারকালচারাল ডায়ালগ (সিআইআইডি) এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা আজ বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক মোঃ আখতারুজ্জামান উপস্থিত থাকবেন।

বাংলা একাডেমির কর্মসূচি : কবির জন্মদিন উপলক্ষে রোববার বিকালে বাংলা একাডেমির উদ্যোগে নজরুল মঞ্চে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ আলতাফ হোসেন। 'নজরুলের প্রবন্ধ : রাজনৈতিক ভাবনা' শীর্ষক একক বক্তৃতা প্রদান করেন অধ্যপক ড. মাহবুবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী এস এম মাহিদুল ইসলাম। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা, বুলবুল মহলানবীশ এবং সুজিত মোস্তফা।

পুষ্পস্তবক অর্পণ করবে বিএনপি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে বিএনপি। সকাল ৭টায় বিএনপির উদ্যোগে এ পুষ্পস্তবক অর্পণ করা হবে। দলের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.