Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের উদ্যোগ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রাখাইনে দমন অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা গত দুই সপ্তাহে ২ লাখ ৭০ হাজারে পৌঁছেছে বলে ধারণা করছে জাতিসংঘ। বাংলাদেশের কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান তান শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আগের দিন পর্যন্ত তারা ১ লাখ ৪৬ হাজার রোহিঙ্গা আসার কথা বলছিলেন। কিন্তু সীমান্তের নতুন কিছু এলাকায় শরণার্থীদের অবস্থানের তথ্য আসার পর ওই সংখ্যা এক লাফে অনেক বেড়ে গেছে।

“গত ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখের বেশি মানুষ এসেছে- বিষয়টা এমন নয়। আমরা নতুন নতুন এলাকায় রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার খবর পাচ্ছি, যা আগে হিসাবের মধ্যে ছিল না।”   

মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়ন চলে আসছে কয়েক দশক ধরে। বিভিন্ন সময়ে সহিংসতার মুখে সেখান থেকে পালিয়ে এসে পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। এই দফায় তিন লাখের মত রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসতে পারেন বলে দুদিন আগে ধারণা দিয়েছিলেন জাতিসংঘ কর্মকর্তারা।  

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ শুক্রবার বলেন, নতুন ও পুরনো রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের এক জায়গায় নিয়ে এসে আশ্রয়ের ব্যবস্থা করতে একটি ডেটাবেইজও তৈরি করা হবে।

খালেদ মাহমুদ জানান, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জেলা প্রশাসনের চারজন কর্মকর্তা সেখানে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

এদিকে বাংলাদেশের আশ্রয় শিবিরগুলোর ধারণক্ষমতা ছাড়িয়ে রোহিঙ্গারা নতুন নতুন বস্তি তৈরি করায় উদ্বেগ প্রকাশ করে ইউএনএইচসিআরের মুখপাত্র দুনিয়া আসলাম খান সমস্যার মূলে হাত দেওয়ার তাগিদ দিয়েছেন। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন পদক্ষেপ নিতে হবে যাতে রাখাইনের মানুষকে আর পালাতে না হয় এবং যারা পালিয়ে এসেছেন, তারা যেন ফিরে যেতে পারেন।   

রোহিঙ্গাদের নিরাপত্তা ও তাদের জরুরি সহায়তাপ্রাপ্তি নিশ্চিত করতে আসার পরপরই তাদের নিবন্ধনের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন ইউএনএইচসিআরের এই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.