Sylhet Today 24 PRINT

কানাডা গেলেন প্রধান বিচারপতি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৭

অসুস্থ মেয়েকে দেখতে  কানাডা গেলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা হন প্রধান বিচারপতি।

এরপর সেখান থেকে জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে সেদেশে অনুষ্ঠেয় এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেবেন তিনি। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টোকিওতে এ সম্মেলন হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান বিচারপতির ব্যক্তিগত সচিব আনিসুর রহমান। তিনি জানান, এস কে সিনহা ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা এসময় প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

গত ৬ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক এস কে সিনহার অনুপস্থিতিতে বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। প্রেসিডেন্ট আবদুল হামিদ তাকে এ দায়িত্ব প্রদান করেছেন।

এরআগে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক প্রশাসনিক আদেশে জানানো হয়েছিল, প্রধান বিচারপতি তার অসুস্থ মেয়েকে দেখতে ১০ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কানাডায় থাকবেন। এরপর জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে টোকিওতে অনুষ্ঠেয় ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ সম্মেলনে অংশ নেবেন। সেজন্য ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে গমন ও অবস্থান করবেন প্রধান বিচারপতি।

জাপানে ভ্রমণকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গী হবেন তার স্ত্রী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.