Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৮ জুন পর্যন্ত স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের দুই দুর্নীতি মামলার বাদীর সাক্ষ্য বাতিল করার আবেদন করেছে আসামিপক্ষ। আদালতে সেই আবেদনের উপর শুনানি করে আবেদন না মঞ্জুর করে আসামিকে জেরা করার আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে সাক্ষ্যগ্রহণ ১৮ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আজ (সোমবার) আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় সাক্ষীদের জবানবন্দি দেয়া শেষ হয়েছে।

এরপর খালেদার পক্ষে তার আইনজীবীরা বাদীর সাক্ষ্য বাতিলের আবেদন করেন। আবেদনের ওপর শুনানি করেন আদালত। শুনানি শেষে আবেদন না মঞ্জুর করে সাক্ষীকে জেরা করার আদেশ দেন আদালত।

খালেদার পক্ষে শুনানি করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন ও অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।

এর আগে আজ (সোমবার) সকাল ১০টা ১০মিনিটে তিনি গুলশানের বাসা ফিরোজা ভবন থেকে তিনি আদালতের উদ্দেশে রওনা হয়ে ১০টা ৫০মিনিটে আদালতে পৌঁছান। তবে তার পৌঁছানোর ১৫ মিনিট আগেই আদালতের কার্যক্রম শুরু হয়ে গেছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

এর আগে শুধু নিরাপত্তার অজুহাতে টানা কয়েকটি ধার্য তারিখে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত ৫ এপ্রিল তিন মাস পর কার্যালয় থেকে বেরিয়ে আদালতে আত্মসমর্পণ করে দুর্নীতির দুই মামলায় জামিন পান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.