Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের জন্য ৭.৭০ কোটি ডলারের প্রয়োজনীয়তার কথা জানাল জাতিসংঘ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৭

সহিংসতার মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ভিত্তিতে ৭ কোটি ৭০ লাখ ডলার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

শনিবার জাতিসংঘের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে কক্সবাজার ও টেকনাফে আশ্রয় নিয়েছে। শরণার্থীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলোর ওপর চাপ বাড়ছে। তাদের আশ্রয়ের জন্য নতুন বসতি স্থাপনের কাজ দ্রুত চললেও ন্যুনতম মানবিক সেবা অপ্রতুল।

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস বিবৃতিতে আরও বলেন, অত্যন্ত  খারাপ অবস্থার শিকার হয়ে বিপন্ন এসব মানুষ রাখাইন থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে আরও অনেক শরণার্থী খুব শিগগিরই এসে যোগ হবে। তাদের প্রয়োজন মেটাতে ত্রাণ সহায়তা সংস্থাগুলোর কাছে পর্যাপ্ত সম্পদ থাকা খুবই জরুরি।

তিনি বলেন, নতুন শরণার্থীর জন্য আরও প্রায় ৬০ হাজার ঘর-বাড়ি তৈরির প্রয়োজন হবে। নির্যাতনের পাশাপাশি যৌন সহিংসতার শিকার হয়ে যারা পালিয়ে এসেছে তাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

এরই মধ্যে জাতিসংঘের জরুরি ত্রাণ তহবিল থেকে ৭০ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে আরও সহায়তা প্রয়োজন।

সব মিলিয়ে এখনই ৭ কোটি ৭০ লাখ ডলার প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.