Sylhet Today 24 PRINT

অভিজিৎ হত্যা মামলার প্রতিবেদন দাখিল ফের পেছালো

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৭

বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী আগামী ১৬ অক্টোবর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ঠিক করেন।

আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। কিন্তু তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদন দাখিল করেনি।

সংস্থাটি সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এ নতুন তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে ধর্মীয় সন্ত্রাসীরা। ওই ঘটনায় গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ। পরে শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের কয়েকদিন পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) ওই হত্যাকাণ্ডের দায় স্বীকারের খবর দেয় জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করা ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।’

তবে বাংলাদেশ সরকার বরাবরই বলে আসছে, এসব হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.