সিলেটটুডে ডেস্ক | ১৫ সেপ্টেম্বর, ২০১৭
শিক্ষাখাতে দুর্বলতার কারণে মানবসম্পদ সূচকে ৭ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিশ্ব মানবসম্পদ সূচকে দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশ ১১১তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০৪তম।
সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ২০১৭ সালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিক্ষা খাতে দুর্বলতার কারণে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। প্রাথমিক শিক্ষার মান খুবই দুর্বল। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়েও শিক্ষা অনেক নিম্নমানের। বিশেষজ্ঞ তৈরি হচ্ছে না। শিক্ষাব্যবস্থা কর্মসংস্থান উপযোগীও নয়।
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির হার, শিক্ষিতের হার, শিক্ষার গুণগত মান, বৃত্তিমূলক শিক্ষা ও কাজ করতে গিয়ে শেখার হার, কর্মক্ষম মানুষের চাকরিতে যোগদানের হার, বেকারত্বের হার, আংশিক বেকারত্ব, দীর্ঘমেয়াদি বেকারত্বের হার ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে এ সূচক তৈরি করা হয়।
সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলংকার অবস্থান সবচেয়ে ভালো। তাদের অবস্থান ৭০-এ। এ ছাড়া নেপাল ৯৮, ভারত ১০৩তম স্থানে রয়েছে। মানবসম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশের নিচে রয়েছে পাকিস্তান (১২৫)। এ ছাড়া বাংলাদেশের নিচে রয়েছে আফ্রিকার আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মোজাম্বিক, সিয়েরালিওনের মতো দেশ।
সূচকে সর্বোচ্চ ৭৭ দশমিক ১২ স্কোর নিয়ে প্রথমে রয়েছে নরওয়ে। গত বছর দেশটির অবস্থান ছিল দ্বিতীয়। এ বছর দ্বিতীয় অবস্থানে চলে গেছে গত বছর শীর্ষে থাকা প্রতিবেশী ফিনল্যান্ড। এর পরই রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জার্মানি, নিউজিল্যান্ড, সুইডেন, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, এস্তোনিয়া, নেদারল্যান্ডস, কানাডা, বেলজিয়াম, রাশিয়া, জাপান ও ইসরায়েল।
সূচকে মালয়েশিয়া রয়েছে ৩৩তম অবস্থানে, ভিয়েতনাম ৬৪, কেনিয়া ৭৮, মিয়ানমার ৮৯তম অবস্থানে।
শূন্য থেকে ১০০ পর্যন্ত স্কোর ধরে সূচকটি তৈরি করে প্রতিষ্ঠানটি। সূচকে বাংলাদেশের স্কোর ৫১ দশমিক ৭৫।