সিলেটটুডে ডেস্ক | ১৬ সেপ্টেম্বর, ২০১৭
লেখক, প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার শেষকৃত্য রোববার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। রাজধানীর সবুজবাগ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
দ্বিজেন শর্মার স্ত্রী দেবী শর্মা জানান, রোববার সকাল সাড়ে দশটায় তাঁর মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ সেখানে সোয়া ১১টা পর্যন্ত থাকবে।
বেলা সাড়ে ১১টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে মরদেহ থাকবে।
এরপর মরদেহ নেওয়া হবে নটরডেম কলেজে। তিনি ওই কলেজের শিক্ষক ছিলেন। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর রাজধানীর সবুজবাগের রাজারবাগে বরদেশ্বরী কালি মন্দিরসংলগ্ন শশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
দ্বিজেন শর্মা গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।