Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পের চুক্তি সই

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৭

চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের চুক্তি সই হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করতে দেশি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রেলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ চুক্তি সই হয়। এতে বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান এবং চায়না কোম্পানি সিআরইসি ও সিসিইসিসি'র প্রতিনিধিরা স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দু'টি লটের মাধ্যমে সম্পাদিত এ প্রকল্পে ১০২ কিলোমিটার রেললাইন নির্মাণ ব্যয় হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক আঠারো হাজার ৩৪ কোটি টাকা অর্থায়ন করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। আয়োজিত অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, কাজের যে কোন পর্যায়ে আমরা সাহায্য করতে রাজি আছি কিন্তু আপনাদের কাছে অনুরোধ বেশী লোকবল নিয়োগ করবেন যাতে ডিসেম্বর মাসের মধ্যে এ প্রকল্পটা শেষ করতে পারি। এটা কঠিন তারপরও আমাদের অনুরোধ। লাকসাম থেকে আখাওড়া দ্রুত গতিতে কাজ চলছে। ৭২কিমি এই অংশটুকু  ডাবল লাইন হয়ে গেলে ঢাকা থেকে চট্টগ্রাম ৩২০কিমি পর্যন্ত সম্পূর্ণ রাস্তা ডাবল লাইন হয়ে যাবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.