Sylhet Today 24 PRINT

দুই লাখ রোহিঙ্গা শিশুকে টিকা ও ভিটামিন দিচ্ছে সরকার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় দুই লাখ রোহিঙ্গা শরণার্থী শিশুকে হাম ও পোলিও টিকা এবং ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শিশুদের জন্য রোগব্যাধির প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে এক লাখ ২০ হাজার হাম (রুবেলা) ও ৪০ হাজার পোলিও টিকা এবং ৩৮ হাজার ভিটামিন এ ক্যাপসুল।

শনিবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ কথা বলেন। টেকনাফ ও উখিয়ায় শনিবার সকাল থেকে রোহিঙ্গা শিশুদের টিকা দেওয়া শুরু হয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট নেতারা গতকাল উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। দুপুরে কুতুপালং পৌঁছে তারা রোহিঙ্গাদের খোঁজখবর দেন এবং তাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তারা। পরে ক্যাম্প কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মিয়ানমার সরকার রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যা মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল।

তিনি বলেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার আজ লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দিয়েছে।

নাসিম বলেন, এত রোহিঙ্গা রাখার ক্ষমতা আমাদের নেই। তাই জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারকে চাপ দেওয়া হচ্ছে। এসব রোহিঙ্গাকে অবশ্যই মিয়ানমারে ফেরত পাঠাতে হবে।

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা নির্যাতনের ছবি ও খবর দেশি-বিদেশি গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ায় সে দেশের সরকার আজ সমালোচনার মুখে পড়েছে। তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যাকে পুঁজি করে একটি মহল দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দেশবাসীকে সজাগ থাকতে হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পযর্টনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, মিয়ানমার সরকারের উচিত জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা।

১৪ দলীয় জোটের প্রতিনিধি দলে আরও ছিলেন সাম্যবাদী দলের সভাপতি ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.