Sylhet Today 24 PRINT

বন্য হাতির হামলায় শিশুসহ দুই রোহিঙ্গা নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

বন্য হাতির হামলায় শিশুসহ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গাশিবিরের পশ্চিমে মধুরছড়া সংরক্ষিত পাহাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেছে।

নিহত রোহিঙ্গারা হলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের ফকিরাবাজার এলাকার শামসুল আলম (৫৫) ও তিন বছরের শিশু ছৈয়দুল আমিন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, উখিয়ার কুতুপালং শিবিরে দুই লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। নতুন আসা রোহিঙ্গারা আশ্রয়ের জন্য বনজঙ্গল কেটে ফেলছে। ভোররাতে বন্য হাতির দল হামলা করে। এ সময় অনেকে পালিয়ে যায়। কিন্তু শিশুসহ ওই রোহিঙ্গা হাতির পায়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আলী কবির বলেন, নতুন আসা রোহিঙ্গারা বন বিভাগের পাহাড় ও জঙ্গল কেটে মাথা গোঁজার ঠাঁই করে নেওয়ার চেষ্টা করছে। এতে বন্য হাতির হামলার শিকার হচ্ছে।

এরআগেও মধুরছড়ার সংরক্ষিত ওই পাহাড়ে বন্য হাতির হামলায় এক ব্যক্তি মারা গিয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.