Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের জন্য ৮টি লঙ্গরখানা খোলা হয়েছে : ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের মধ্যে খাবার সরবরাহে ৮টি লঙ্গরখানা খোলা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ায় একথা বলেন তিনি।

এ সময় রোহিঙ্গাদের ত্রাণবাহী যানবাহন চলাচল সহজ করতে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের কুতুপালং থেকে উখিয়া পর্যন্ত প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের পাশে আছে সরকার ও তাঁর দল আওয়ামী লীগ। তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে যাতে কেউ রাজনীতির জল ঘোলা করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপিকে উদ্দেশে মন্ত্রী আরো বলেন, ‘একটি দল ও দালালপ্রকৃতির কিছু লোক রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবাইকে সঙ্গে নিয়ে তাদের এই অপচেষ্টা ব্যর্থ করা হবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.