Sylhet Today 24 PRINT

হজ ও তাবলিগ জামায়াত নিয়ে ‘কটূক্তির’ মামলায় লতিফের জামিন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০১৫

অবশেষে 'কটূক্তির' মামলা থেকে জামিন পেলেন সাবেক মন্ত্রী ও সাংসদ আব্দুল লতিফ সিদ্দিকী।  হজ ও তাবলিগ জামায়াত নিয়ে ‘কটূক্তির’ সাতটি মামলাতেই তাকে জামিন দিয়ে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে দিয়েছে হাই কোর্ট।

মঙ্গলবার সাতটি আবেদনের শুনানি করে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়।

তবে আরও চার মামলায় গ্রেপ্তার থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না বহিষ্কৃত  এই আওয়ামী লীগ নেতা।
আদালতের লতিফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

গত বছর ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্য করেন তখনকার টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ। এরপর দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়।

বিভিন্ন ইসলামপন্থি দলের আন্দোলনের হুমকি ও সামাজিক যোগাযোগের মাধ্যম এবং নিজ দলে সমালোচনার মুখে লতিফকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি আওয়ামী লীগ থেকে তার সদস্যপদ বাতিল করা হয়।

২০১৪ সালের ২৩ নভেম্বর রাতে ভারত হয়ে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। পরদিন তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.