Sylhet Today 24 PRINT

মিথ্যা সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর এক লাখ টাকা জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০১৫

মিথ্যা সংবাদ প্রকাশ করে জমিমানা দিতে হচ্ছে প্রথম আলোকে।  গাজীপুরে একটি কারখানার টয়লেটে এক শ্রমিকের সন্তান প্রসবের ভুল সংবাদ প্রকাশ করায় ওই কর্মীকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিতে দৈনিক প্রথম আলোকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার (২৬ মে) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই মিথ্যা সংবাদটি প্রথম আলোতে গত ১০ মে প্রকাশিত হওয়ার  ঐ নারী শ্রমিকের মান-মর্যাদা ক্ষুন্ন করায় তাকে একমাসের মধ্যে ক্ষতিপূরণ ‍হিসেবে এক লাখ টাকা দেওয়ার আদেশ দেন আদালত।

এর আগে সংবাদ দেখে উদ্বিগ্ন হয়ে হাই কোর্টের একটি বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছিল, তলব করা হয়েছিল কারখানার কর্মকর্তাদের।   নির্দেশ পেয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে এপেক্স ফুটওয়্যার কারখানায় ওই ঘটনার সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন।

এর মধ্যে অবশ্য প্রথম আলোও ওই খবরটি ভুল ছিল স্বীকার করে দুঃখ প্রকাশ করে।

ইউএনও’র ওই প্রতিবেদন গ্রহণ করে মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ প্রথম আলোকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়ে এ সংক্রান্ত রুলটি নিষ্পত্তি করে দেয়।

প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, কর্তৃপক্ষ ছুটি না দেওয়ায় ওই নারী শ্রমিক কারখানার টয়লেটে সন্তান জন্ম দিতে বাধ্য হয়েছিলেন।

প্রতিবেদনটি দেখে সেদিনই আদালত কালিয়াকৈরের ইউএনওকে দুই সপ্তাহের মধ্যে ওই প্রতিবেদন দিতে বলে এবং কারখানার তিন কর্মকর্তাকে তলব করে।

এর মধ্যে ১৩ মে প্রথম আলো ভুল স্বীকার করে জানায়- “প্রকৃতপক্ষে কারখানার ওই নারী কর্মী ছুটি চাননি। তিনি সন্তান প্রসব করেননি, গর্ভপাত ঘটেছিল।”

তবে গত ২৪ মে এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আজিজ ও কারখানার লাস্টিং সেকশনের সুপারভাইজার মো. রতন মিয়াকে অব্যাহতিও দেয় আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.